রাজ্য নেতৃত্বের নির্দেশে বালুরঘাট পৌরসভায় নতুন চেয়ারম্যান নিয়োগ।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ সাহা। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্য নেতৃত্বের নির্দেশে শনিবার এই নিয়োগের মাধ্যমে শূন্য থাকা চেয়ারম্যান পদ পূরণ হল।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার ১৪ জন কাউন্সিলর। সেই ঘটনার রেশ ধরেই ৩১ ডিসেম্বর তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। চলতি বছরের ১০ জানুয়ারি পৌরসভায় তাঁর পদত্যাগপত্র গৃহীত হলে চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়ে যায়।
এরপর প্রায় কয়েক সপ্তাহ ধরে প্রশাসনিক অনিশ্চয়তা চললেও শনিবার রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে নতুন চেয়ারম্যান হিসেবে সুরজিৎ সাহার নাম চূড়ান্ত হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর পৌরসভার স্বাভাবিক কাজকর্মে গতি ফেরার আশা করছে পৌর প্রশাসন।
পাশাপাশি, দীর্ঘদিন ধরে খালি থাকা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদও এবার পূর্ণ হতে চলেছে বলে জানা গেছে। সব মিলিয়ে পৌরসভায় নেতৃত্বের এই বদলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

