নতুন রেল সংযোগে উচ্ছ্বাস দক্ষিণ দিনাজপুরে, গঙ্গারামপুরে উৎসবের আবহ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটল শনিবার । এদিন মালদা টাউন রেলওয়ে স্টেশনে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । একই দিনে ভারতীয় রেলের পক্ষ থেকে আরও পাঁচটি নতুন ট্রেনের উদ্বোধন করা হয় । এর মধ্যে রয়েছে বালুরঘাট–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস । যে ট্রেনটি এদিন বালুরঘাট থেকে তার উদ্বোধনী যাত্রা শুরু করে ।

এই উপলক্ষে শনিবার গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনে বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয় । স্টেশনের ১নম্বর প্ল্যাটফর্মে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ । যেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির প্রতিনিধিরা, গঙ্গারামপুরের স্থানীয় বিধায়কের প্রতিনিধিরা, গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন রেল আধিকারিক ও কর্মীরা । অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ে ।

দুপুর ২টা ৪৭ মিনিট নাগাদ বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস গঙ্গারামপুর স্টেশনে প্রবেশ করে । এরপর গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির পক্ষ থেকে ট্রেনের চালক ও তাঁর সহযোগীদের ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় । পরে সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটিকে গঙ্গারামপুর স্টেশন থেকে বিদায় জানানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *