এক বছরে দেড় লক্ষ থেকে নেমে ৩১ হাজার, দক্ষিণ দিনাজপুরে পাখি সংকট স্পষ্ট।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলায় পাখির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার চিত্র উঠে এল সাম্প্রতিক এক সমীক্ষায়। শনিবার থেকে শুরু হওয়া তিনদিনের এই পাখি সমীক্ষা রবিবার ও মঙ্গলবার পর্যন্ত চলবে। জেলার জলাভূমি, পুকুর, নদী ও জলাশয়গুলিতে পাখির বর্তমান অবস্থান খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন পাখিপ্রেমী ও পরিবেশ সংগঠন যৌথভাবে এই সমীক্ষা চালাচ্ছে।
সমীক্ষায় অংশ নেওয়া পরিবেশপ্রেমীরা জানিয়েছেন, পাখির সংখ্যার এই হ্রাস অত্যন্ত উদ্বেগজনক। প্রাথমিক তথ্য অনুযায়ী, গত বছর যেখানে প্রায় দেড় লক্ষ পাখির উপস্থিতি নথিভুক্ত হয়েছিল, সেখানে চলতি বছরে সেই সংখ্যা নেমে এসেছে প্রায় ৩১ হাজার ৫০০-তে। এতে স্পষ্টভাবে ধরা পড়ছে পাখির সংখ্যা ক্রমাগত কমে যাওয়ার প্রবণতা।
এই পরিস্থিতির পিছনে একাধিক কারণ চিহ্নিত করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, মাছ চাষের জন্য পুকুরে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের ফলে জলজ পরিবেশের ক্ষতি এবং জাল পেতে অবৈধভাবে পাখি শিকার—বিশেষত শীতকালে পরিযায়ী পাখির আগমনের সময়—বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তবে সমীক্ষায় কিছু প্রজাতির পাখির উপস্থিতিও নথিভুক্ত হয়েছে। একসময় শীত এলেই জেলার জলাশয় ও নদীতীরে প্রচুর পাখির সমাগম দেখা যেত, কিন্তু এখন সেই দৃশ্য বিরল হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে পাখি সংরক্ষণে কঠোর পদক্ষেপ, শিকার বন্ধ এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে। পাখির আবাসস্থল রক্ষায় সচেতনতা ও নজরদারি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *