মালদায় মোদী আগমণের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা, ব্যানার–ফ্লেক্স ছেঁড়াকে ঘিরে তরজা।
দেবাশীষ পাল, মালদা —- মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমণের প্রাক্কালে তার ছবি সম্বলিত একাধিক ব্যানার ও ফ্রেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল পুরাতন মালদায়। ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল।শুক্রবার রাত পেরোলেই শনিবার মালদায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মালদা টাউন স্টেশনে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধনের পর পুরাতন মালদার সাহাপুর বাইপাস মাঠে প্রথমে রেলের মঞ্চে একাধিক ট্রেন সহ রেলের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী রেলের মঞ্চের অদূরে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় অংশ নেবেন। তাই মালদায় প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে বিজেপির নেতাকর্মী মহলে রয়েছে চরম উৎসাহ, উদ্দীপনা। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নিয়েছেন সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা। প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে তাকে মালদায় স্বাগত জানাতে সাহাপুর বাইপাস এলাকা ছেয়ে ফেলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট, ব্যানার, ফ্রেক্স, পোস্টারে। কিন্তু শুক্রবার সেই সমস্ত ব্যানার এবং ফ্লেক্সের মধ্যে কিছু ব্যানার, ফ্রেক্স ছেঁড়া অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। যা নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূল দিকে অভিযোগের আঙুল তোলা হয়। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব।

