সিসিটিভি সূত্র ধরে গ্রেফতার দুই, বিপুল গয়না ও নগদ উদ্ধার পুলিশের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- একটি চুরির ঘটনার তদন্তে বড় সাফল্য পেল বালুরঘাট থানা পুলিশ। গত ১১ নভেম্বর ২০২৫, বোল্লা কালীপুজোর পরদিন বালুরঘাট ব্লকের রঘুনাথপুর এলাকার বাসিন্দা অরূপ কুণ্ডুর বাড়িতে বড়সড় চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে গঙ্গারামপুর ব্লকের ইন্দ্রনারায়ণপুর এলাকার বাসিন্দা অমিত মণ্ডলকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। সেখান থেকেই উঠে আসে বালুরঘাট ব্লকের বিজয়শ্রী এলাকার অলক মণ্ডলের নাম।
এরপর বিজয়শ্রী এলাকায় অলক মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বাসনপত্র, সোনা-রুপোর গয়না ও ৩২ হাজার ৫০০ টাকা নগদ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠকে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, অভিযুক্তদের কাছ থেকে গ্যাস কাটার, হাতুড়ি ও অন্যান্য চুরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। তদন্তে আরও তথ্য মিলতে পারে বলে আশাবাদী পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *