মালদা টাউন স্টেশন থেকে বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।
মালদহ, নিজস্ব সংবাদদাতা :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসূচি ঘোষণা করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। আগামী ১৭ই জানুয়ারী দুপুর ১ টায় হেলিকপ্টারে করে মালদহের মাটিতে এসে নামবেন প্রধান মন্ত্রী। প্রথমে চলে যাবেন মালদা টাউন রেল স্টেশনে সেখান থেকে বন্দে ভারত স্লিপার হাওড়া কামাখ্যা গামী দুটি ট্রেনের উদ্বোধন করবেন এবং উদ্বোধন শেষে সেখান থেকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী চলে আসবেন পুরাতন মালদহের সাহাপুর বাইপাস এলাকায়। সেখান থেকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন আরো ছয়টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের। এরপর উত্তর মালদহ, দক্ষিণ মালদহ ও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই চারটি বিজেপির জেলা সাংগঠনিক কর্মীদের নিয়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১ থেকে ৩ টা পর্যন্ত মোট দুই ঘন্টা মালদহের মাটিতে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে মালদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদী জেলা বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে উত্তর মালদহের জেলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে জানালেন বিজেপির উত্তর মালদহ কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন মালদহ, গাজোল ও হবিবপুর বিধানসভা কেন্দ্রের তিন বিধায়ক সহ উত্তর মালদহ বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি প্রতাপ সিংহ ও সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া।

