“প্রতিজনের বাড়িতে কি মুখ্যমন্ত্রী যেতে পারেন?”—বালুরঘাটে কড়া ভাষায় তৃণমূলকে নিশানা বিপ্লব দেবের।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট ব্লকের পতিরাম এলাকায় বিজেপির ‘পরিবর্তন সংকল্প’ কর্মসূচিতে এসে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার উদ্দেশ্যে একাধিক কড়া মন্তব্য করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব। সভামঞ্চ থেকে তিনি সরাসরি তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন।
বিপ্লব দেব বলেন, “কোন বাঙালি কী কাজ করেছেন, কোন পার্টির নেতা—প্রতিজনের বাড়িতে কি মুখ্যমন্ত্রী যেতে পারেন?” এই মন্তব্যের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীর জনসংযোগ রাজনীতিকে কটাক্ষ করেন। পাশাপাশি, আর্থিক দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনা সবার সামনে এলেও সেখানে মুখ্যমন্ত্রী যাননি। তিনি অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যার প্রসঙ্গ টেনে বলেন, একসময় যাঁরা ক্ষমতার কাছাকাছি ছিলেন, সংকটে পড়লে তাঁদের পাশে কেউ দাঁড়ায়নি।
এছাড়াও নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিপ্লব দেব। তাঁর দাবি, “বাংলায় মেয়েরা নিরাপদ নন, অথচ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কাদের সুবিধা দেওয়া হচ্ছে?” তিনি আরও বলেন, বাংলায় দেবীপুজো হলেও বাস্তবে নারীদের রাতে বেরোনোর নিরাপত্তা নেই। সভার শেষদিকে মুখ্যমন্ত্রীর জনসভা ও পদযাত্রা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, সাধারণ মানুষকে আকৃষ্ট করতে তাঁকে চলচ্চিত্র তারকাদের সঙ্গে নিয়ে রাস্তায় হাঁটতে হয়।
এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তরজা শুরু হয়েছে।

