পুনে ও কেরালায় কাজ করতে গিয়ে মৃত্যু মালদার দুই শ্রমিকের, অসহায় পরিবার।
মালদা, নিজস্ব সংবাদদাতা:– মালদার পরিযায়ী শ্রমিকদের দুর্দশা অব্যাহত।অব্যাহত মৃত্যু মিছিল।এবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে একই এলাকার দুই শ্রমিকের মৃত্যু। পুনেতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক শ্রমিকের।কেরালায় অসুস্থতায় মৃত্যু আরেক শ্রমিকের। এলাকায় শোকের ছায়া। অথৈ জলে দুই অসহায় পরিবার।পাশে দাঁড়ায়নি প্রশাসন জনপ্রতিনিধিরা। ঘটনা সামনে আসতেই কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপির।পরিবারের পাশে থাকার আশ্বাস শাসক নেতৃত্বের।ঘটনায় শুরু হয়েছে তরজা। সম্প্রতি মালদায় পরিযায়ীদের নিয়ে সভা করলে অভিষেক ব্যানার্জি। দিলেন কর্মসংস্থানের আশ্বাস।কিন্তু ভিন রাজ্যে মালদার পরিযায়ীদের মৃত্যু মিছিল যেন থামছেই না।পুনেতে কাজ করতেন মালতিপুর বিধানসভার কাপাসিয়া নুনিয়া পাড়ার যুবক রমেশ নুনিয়া (২৫)। লাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। পরিবারের লোক অতি কষ্টে প্রতিবেশীদের সাহায্যে বাড়িতে মৃতদেহ ফিরিয়েছে। বাড়িতে রয়েছে স্ত্রী দুই ছেলে এবং এক মেয়ে। তার মধ্যে এক ছেলে বিশেষ ভাবে সক্ষম। রমেশের উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল পরিবার। এই মুহূর্তে তারা কি করবে। ভবিষ্যতে সংসার কি ভাবে চলবে। সব কিছু নিয়ে প্রবল দুশ্চিন্তা।জোগাড় হচ্ছে না শ্রাদ্ধনুষ্ঠানের খরচ পর্যন্ত।
অন্যদিকে পাশেই তাদের আরেক প্রতিবেশি রঞ্জন দাস (৩৮) কেরালায় কাজ করতেন। শ্বাসকষ্ট জনিত সমস্যায় তার মৃত্যু হয়েছে।বাড়িতে রয়েছে স্ত্রী এবং তিন মেয়ে। একই রকম ভাবে বিপাকে পড়েছে রঞ্জনের স্ত্রী দুলো দাস। দুই পরিবারের পাশেই প্রশাসন বা জন-প্রতিনিধিরা এসে দাড়ায়নি।এদিকে হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী মতিবুর রহমান ঘোষণা করেছেন চাঁচল মহকুমার যে কোনো শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে মারা গেলে তিনি এক লক্ষ টাকা সহায়তা করবেন পরিবারকে। তাই এই পরিস্থিতিতে তার কাছেই সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারের লোকেরা। যদিও বিজেপির অভিযোগ শ্রমিকদের এই দুরবস্থার জন্য তৃণমূল দায়ী। অন্যদিকে পরিবারের পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের।

