পুরাতন মালদার আদমপুর থেকে বাংলাদেশি যুবক গ্রেপ্তার, উদ্ধার দুই দেশের সিম।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- পুরাতন মালদা থানার অন্তর্গত আদমপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৭ তারিখ) রাত আনুমানিক দশটা নাগাদ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর পরিচয় নিশ্চিত হয়।ধৃত যুবকের নাম কাউসার আলী (২৪)। সে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাইমপুর থানার বেকপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বিএসএফ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ওই মোবাইলে একটি ভারতীয় সিম কার্ড এবং একটি বাংলাদেশি সিম কার্ড ব্যবহার করা হচ্ছিল।বিএসএফ সূত্রের দাবি, ধৃত যুবক কয়েকদিন আগেই অবৈধভাবে হবিবপুর থানার কলাইবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। কী উদ্দেশ্যে তিনি ভারতে এসেছিলেন এবং এই অনুপ্রবেশে কারা তাঁকে সহযোগিতা করেছে, তা জানতে বিএসএফ ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ শুরু করেছে।বৃহস্পতিবার রাতেই ধৃত যুবককে মালদা থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। গ্রেপ্তারের পর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ তাঁকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, সে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যেই ভারতে এসেছিল। যদিও বিষয়টির সত্যতা যাচাই করতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।

