দক্ষিণ দিনাজপুরে তৃণমূলে ভাঙন, দাপুটে নেতা সোনা পালের কংগ্রেসে যোগদান।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা তথা হরিরামপুর এলাকার দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব সোনা পাল (শুভাশিস পাল) শুক্রবার কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে এবং অনেকেই মনে করছেন, এর ফলে জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি উল্লেখযোগ্যভাবে দুর্বল হল।
শুক্রবার (৯ জানুয়ারি) বালুরঘাট জেলা কংগ্রেস পার্টি অফিস চত্বরে হাজার হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন সোনা পাল। তাঁর হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা গোলাম আহামেদ মির সহ জেলা ও ব্লক স্তরের একাধিক কংগ্রেস নেতৃত্ব।
এই দিন হরিরামপুর বিধানসভা এলাকা থেকে সোনা পালের সঙ্গে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকও কংগ্রেসে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে কংগ্রেস নেতৃত্ব দাবি করেন, দক্ষিণ দিনাজপুরে সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সোনা পাল তাঁর বক্তব্যে বলেন, “জনস্বার্থ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে কংগ্রেসই একমাত্র বিকল্প। মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিই আমি করতে চাই।”
অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ অসন্তোষ ও নেতৃত্বের প্রতি আস্থাহীনতার কারণেই একের পর এক নেতা-কর্মী দল ছাড়ছেন।
এই যোগদানকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *