চা শ্রমিকদের দাবিতে আলিপুরদুয়ারে প্রশাসনিক ভবন ঘেরাও বিটিডাব্লিউইউ-এর।
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- বন্ধ চা বাগান পুনরায় চালু করা, বিভিন্ন চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান সহ একাধিক দাবিতে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ‘ডুয়ার্স কন্যা’-র সামনে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করল বিজেপির শ্রমিক সংগঠন বিটিডাব্লিউইউ (BTWU)।
বুধবার আয়োজিত এই আন্দোলনে বিজেপির শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। বিক্ষোভ মঞ্চে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ তিগ্গা সহ একাধিক বিজেপি বিধায়ক ও দলীয় নেতৃত্ব।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একাধিক চা বাগান বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক ক্ষেত্রে মাসের পর মাস শ্রমিকদের মজুরি বকেয়া রয়েছে, অথচ রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। অবিলম্বে বাগানগুলি খুলে শ্রমিকদের বকেয়া মজুরি প্রদান না করলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন নেতৃত্ব।
সাংসদ মনোজ তিগ্গা বলেন, “চা শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় বিজেপি পাশে আছে। শ্রমিকদের সঙ্গে যে অবিচার হচ্ছে, তার বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাব।”
বিক্ষোভ চলাকালীন প্রশাসনিক ভবনের সামনে ব্যাপক পুলিশি ব্যবস্থা রাখা হয়। পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।

