স্থায়ী বাঁধের দাবিতে খানাকুলে টায়ার জ্বালিয়ে গ্রামবাসীদের অবরোধ।
আরামবাগ, নিজস্ব সংবাদদাতা:- হুগলি জেলার খানাকুল ব্লকের পূর্ব রাধানগর এলাকায় নদী বাঁধ নির্মাণ নিয়ে চরম ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় গ্রামবাসীরা। নদী গভীর না করে বাইরে থেকে মাটি এনে এবং কংক্রিট বা শাল বোল্ডার ব্যবহার করে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বুধবার রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধে শামিল হন তাঁরা।
গ্রামবাসীদের দাবি, পূর্ব রাধানগর থেকে ছত্রশাল পর্যন্ত নদীর দুই পাড়ে পাকা বা শাল বোল্ডার দিয়ে মজবুত বাঁধ নির্মাণ করতে হবে। প্রতিবছর বর্ষা ও বন্যার সময় অস্থায়ী ও দুর্বল বাঁধ ভেঙে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নদী থেকে তোলা শুকনো মাটি দিয়ে বাঁধ নির্মাণ করলে তা দীর্ঘস্থায়ী হয় না এবং সামান্য জল বাড়লেই বাঁধ ভেঙে যায়।
অবরোধকারীরা জানান, প্রতি বছর বন্যার আতঙ্কে পরিবার নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। ঘরবাড়ি ভাঙলে শিশু ও বৃদ্ধদের নিয়ে কোথায় যাবেন, কী করবেন—এই দুশ্চিন্তাই তাঁদের আন্দোলনে নামতে বাধ্য করেছে। স্থায়ী ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বাঁধ নির্মাণ না হলে আগামী দিনে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলেও দাবি গ্রামবাসীদের।
ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের তরফে আধিকারিকরা পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। গ্রামবাসীরা স্পষ্ট জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

