বাংলাদেশ সীমান্ত থেকে জালনোট পাচারের ছক ভেস্তে দিল মালদা জেলা পুলিশ।
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদায়জালনোটের অবৈধ কারবার রুখতে কার্যত কোমর কষে ময়দানে নেমে পড়েছে মালদা জেলা পুলিশ। যার অঙ্গ হিসেবে ফের মালদায় উদ্ধার করল বিপুল অংকের জালনোট। আট লক্ষ টাকার জালনোট সহ এক পাচারকারী ধরা পড়ল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত জালনোট পাচারকারীর নাম আনারুল সেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানার বাখরাবাদ এলাকায়। সে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে জালনোট সংগ্রহ করে মোটর বাইক নিয়ে অন্যত্র পাচার করতে যাচ্ছিল। যা মালদা জেলা পুলিশের স্পেশাল টিম বিশেষ সূত্রে জানতে পারে। এবং সেই মতো বৈষ্ণবনগর থানার পুলিশকে খবর দেয়। সেই খবরের ভিত্তিতে সাত সকালে পুলিশ তাকে বৈষ্ণবনগরের জীবন মোড় এলাকা থেকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় আট লক্ষ টাকার জালনোট। উদ্ধার সমস্ত নোট পাঁচশো টাকার। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, ধৃত পাচারকারী কোথা থেকে বিপুল অংকের জালনোট পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশি হেপাজত নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হবে মালদা জেলা আদালতে।

