দক্ষিণ দিনাজপুরে তিনদিনের ‘ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প’, উদ্যোগ মেরা যুবা ভারতের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত–এর দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় আগামী ২৯ ডিসেম্বর সোমবার থেকে ৩১ ডিসেম্বর বুধবার পর্যন্ত তিনদিনব্যাপী আবাসিক কর্মসূচি “ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প” অনুষ্ঠিত হতে চলেছে।
এই বুটক্যাম্পে ১৫ থেকে ২৯ বছর বয়সি জেলার যুবক-যুবতীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। মোট ৩৫ জন নির্বাচিত যুব অংশগ্রহণকারী এই কর্মসূচিতে অংশ নেবেন। বুটক্যাম্প চলাকালীন হার্টফুলনেস সংগঠনের প্রতিনিধি, যুব নেতা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে প্রত্যক্ষ মতবিনিময় ও প্রশিক্ষণের সুযোগ থাকবে।
জানা গিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক লক্ষ যুবক-যুবতীকে দেশের রাজনৈতিক ও সামাজিক ভবিষ্যৎ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান থেকেই এই বুটক্যাম্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা, নাগরিক চেতনা ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন।
তিনদিনব্যাপী এই আবাসিক “ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প” অনুষ্ঠিত হবে বালুরঘাটের দীপালিনগরে অবস্থিত নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায়।
বুটক্যাম্পের উদ্দেশ্য ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে গিয়ে মেরা যুবা ভারত–দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন জানান, এই উদ্যোগের মাধ্যমে জেলার যুবসমাজকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা এবং তাদের মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক সচেতনতা গড়ে তোলাই মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *