কলকাতার মঞ্চে প্রশংসা কুড়াল বালুরঘাটের শিশু-কিশোর নাটক ‘আমরা কোন্ পথে হাঁটছি?’

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- চেতলা কৃষ্টি সংসদ বাংলার শিশু কিশোর নাট্য চর্চায় এক সুপরিচিত নাম। প্রতি বছর শীতের সময় তারা নাটকের উৎসবের আয়োজন করে। ২০২৫ সালের ২৬ ডিসেম্বর তাদের ৩১ তম শিশু নাট্য উৎসবের সূচনা। ২৬, ২৭, ২৮ ডিসেম্বর মোট ছয়টি নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট স্থপতি অঞ্জন উকিল, নাট্যকর্মী তুহিনশুভ্র মণ্ডল, আয়োজক প্রধান পিনাকী গুহ, শিশু দুহিতা ব্যানার্জী, কিশোর অঙ্কিতা বিশ্বাস।
প্রথম দিনের উদ্বোধনী নাটক বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের নাটক ‘ আমরা কোন্ পথে হাঁটছি?’ কলকাতায় এবার এই নাটকের ষষ্ঠ প্রযোজনা। এর আগে কলকাতাতেই এসো নাটক শিখির আয়োজনে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে হয়েছিল এই নাটকের পঞ্চম প্রযোজনা। এবারের নাট্য উৎসবে কলকাতার পাঁচটি প্রযোজনার বাইরে একমাত্র নাটক হিসাবে রয়েছে ‘ আমরা কোন্ পথে হাঁটছি?’।
এককথায় যদি বলা হয় তা হলে নাটকের বিষয় বস্তু হলো ‘শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ’ই আমরা কোন্ পথে হাঁটছি নাটকের প্রতিপাদ্য বিষয়। নাটকের মহলা কক্ষ থেকে শুরু হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শৌচালয়ের অবস্থার হাত ধরে এই নাটক পৌঁছে যায় শিক্ষা ব্যবস্থার প্রচলিত কাঠামোতে। জঙ্গলের দৃশ্যের রূপক উপস্থিতিতে উঠে আসে প্রচলিত শিক্ষা ব্যবস্থার ফাঁক। উঠে আসে শিশু কিশোর কিশোরী দের জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থার কাঙ্খিত রূপ’। নাটকটি রচনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন তুহিনশুভ্র মণ্ডল। অভিনয়ে অংশ নিয়েছে সায়ন্তিকা, তনুশিয়া, তপজ্যোতি, অদ্রিকা, শ্রেয়াংশু, মনোসৃজা, অনিরুদ্ধ,মধুস্মিতা, সমৃদ্ধি, আরশি,অদ্রিজা এবং তুহিন বাবু নিজেই। আয়োজক চেতলা কৃষ্টি সংসদের নির্দেশক পিনাকী গুহ জানান, বাকি পাঁচটি নাটক কলকাতার। বাকি নাটকটি বালুরঘাটের কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের। শিশু কিশোর কিশোরী দের চেতনা বিকাশের জন্যই আমরা নাট্য চর্চা ও নাট্য উৎসবের আয়োজন করে থাকি’।
কথক শিশু কিশোর নাট্য বিদ্যালয়ের নির্দেশক তুহিনশুভ্র মণ্ডল বলেন ‘ কলকাতার বাইরে একমাত্র নাট্য দল হিসাবে আমন্ত্রণ পেয়ে ভীষণ খুশি হয়েছি আমরা। আমাদের শিশু কিশোর কিশোরীরাও খুব আনন্দিত। গত পাঁচ বছর ধরে আমরা ছোটদের নাটকের চর্চা করছি। নাটকের শহর হিসাবে পরিচিত বালুরঘাটের জন্য আমরা শিশু কিশোর নাট্য চর্চার মাধ্যমে গৌরব আনতে চাই’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *