নদী বাঁচাও, পরিবেশ রক্ষা করো— কুমারগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সরব বিজেপি।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- কুমারগঞ্জের আত্রেয়ী ও ইছামতি নদী থেকে অবৈধ বালু ও অবৈধভাবে মাটি খননের অভিযোগে সরব বিজেপি, কুমারগঞ্জ BL&LRO অফিসে লিখিত ভাবে সুনিদৃষ্ট কিছু অভিযোগ করেন তারা l দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের আত্রেয়ী ও ইছামতি নদী থেকে দীর্ঘদিন ধরেই চলছে ব্যাপক বেআইনি বালু ও মাটি তোলার অভিযোগ। এই অনিয়মের বিরুদ্ধে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টির কুমারগঞ্জ মণ্ডল l বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী , জেলা সমাদক রজত ঘোষ সহ কয়েকশো বিজেপি নেতাকর্মীরা আজ ডেপুটেশনে সামিল হন l
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, আত্রেয়ী ও ইছামতি নদী থেকে সরকার অনুমোদিত প্রক্রিয়া ছাড়াই প্রচুর পরিমাণে বালু ও চাষযোগ্য জমি থেকে মাটি তোলা হচ্ছে। এতে সরকারের বিশাল রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি পরিবেশ ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বিপর্যস্ত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে ট্রাক্টর ও ট্রাকে করে অবৈধভাবে মাটি ও বালি পরিবহণ করা হচ্ছে, অথচ সংশ্লিষ্ট দপ্তরগুলি কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগপত্রে আরও প্রশ্ন তোলা হয়েছে—
➤ কে এই কাজের অনুমতি দিয়েছে?
➤ সরকার থেকে কোনো রয়ালটি দেওয়া হচ্ছে কি না?
➤ কিসের ভিত্তিতে নদীর বুকে খনন চলছে?
পত্রে ব্লক প্রশাসনকে বিষয়টি তদন্ত করে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগের কপি পাঠানো হয়েছে—
• কুমারগঞ্জের বিডিও, IC কুমারগঞ্জ ও জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, দক্ষিণ দিনাজপুরকে l
ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস অভিযোগপত্রটি গ্রহণ করেছে বলে জানা যায় ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশও বহুদিন ধরে নদী ভাঙন ও পরিবেশ বিপদের আশঙ্কায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। এখন প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে সকলেই।

