অতিরিক্ত ফি ও মারধরের অভিযোগে উত্তাল কালিয়াচক, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি প্রাক্তনদের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- কালিয়াচক হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েম আসগারের পদত্যাগের দাবিতে রবিবার কালিয়াচক চৌরঙ্গীতে প্রতিবাদী মিছিল করলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। শনিবার দ্বাদশ শ্রেণির এক ছাত্রের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া ও তাকে মারধর করার অভিযোগ ওঠার পর ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। সেই ঘটনার প্রতিবাদেই এদিন মিছিল বের হয়।

অভিযোগকারী দ্বাদশ শ্রেণির ছাত্র ইমরান শেখ বলেন, “অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে জানতে চাইতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে কলার ধরে টেনে মারধর করেন।” ইমরানের দাবি, পরে তিনি কালিয়াচক থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের কিছু কর্মী তাকে জানান—ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নামে অভিযোগ করলে তার “জীবন বরবাদ করে দেওয়া হবে।” ইমরানের অভিযোগ, থানায় তার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়নি।

প্রতিবাদে যোগ দিয়ে প্রাক্তন ছাত্র আলমগীর খান জানান, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। গণতান্ত্রিক দেশে অতিরিক্ত ফি নিয়ে প্রশ্ন করায় কোনও ছাত্রকে মারধর করা গ্রহণযোগ্য নয়।যেখানে ফ্রি ২১৫ টাকা সেখানে চাওয়া হয়েছে ৫০০ টাকা বলে অভিযোগ। আমরা তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *