দিল্লি বিস্ফোরণের জের: কাঁচরাপাড়ায় বীজপুর থানার নাকা চেকিং, পাকড়াও বেশ কয়েকজন মদ্যপ চালক।

কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা: রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকা, বাজার ও ব্যস্ত সড়কজুড়ে বাড়ানো হয়েছে নাকা চেকিং ও তল্লাশি অভিযান। সেই উদ্যোগের অংশ হিসেবেই বৃহস্পতিবার কাঁচরাপাড়ার মিলননগর বাসস্ট্যান্ড এলাকায় বীজপুর থানার উদ্যোগে বিশেষ নাকা চেকিং পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গাড়ি ও যাত্রীদের উপর নজরদারি বাড়ানো হয়েছে। বাসস্ট্যান্ডে ঢোকা ও বের হওয়া বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের লাইসেন্স, নথি ও গাড়ির অবস্থা পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও করেন পুলিশ কর্মীরা।

অভিযানের সময় প্রকাশ্যে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং অসংলগ্ন আচরণের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে বীজপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও থানা সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *