থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানো থেকে দুঃস্থ শিক্ষার্থীদের সহায়তা—সমাজসেবায় উজ্জ্বল নজির।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কুমারগঞ্জের বড়ম হাইস্কুলে আজ এক তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন হলো, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাথে এক সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে বিদ্যালয়ের পাঁচজন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করে বিজয় কুমার সাহা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সাহায্য শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে বড় ভূমিকা নেবে।

উল্লেখ্য, এই ফাউন্ডেশন কিছুদিন আগেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত আদিত্য কোল ও তার বোনের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিল। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগামী দিনে প্রতি বছর পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণি থেকে একজন দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীকে এই আর্থিক সহায়তা করা হবে।

ফাউন্ডেশনের প্রতিনিধি স্বপ্না সাহা জানান, “বিজয় কুমার সাহা ওয়েলফেয়ার ফাউন্ডেশন মূলত সমাজের পাশে থাকার লক্ষ্যেই তৈরি হয়েছে। শিক্ষার্থীদের সহায়তা করা আমাদের অন্যতম অঙ্গীকার।”

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই দ্বিমুখী কর্মসূচি এলাকায় প্রশংসিত হয়েছে। একদিকে বিদ্যাসাগরের মূর্তি শিক্ষার্থীদের প্রেরণার উৎস হবে, অন্যদিকে আর্থিক সহযোগিতা তাদের শিক্ষার পথ সহজ করবে—এমনটাই মত স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *