নির্মাণকর্মী সহ উপভোক্তাদের বিক্ষোভে উত্তপ্ত কালিয়াচক পঞ্চায়েত অফিস, সোশ্যাল অডিটে ফাঁস কাটমানির তথ্য।
নিজস্ব সংবাদদাতা, মালদা—নির্মাণকর্মী উপভোক্তাদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি বাবদ অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠল কালিয়াচক তিন নম্বর ব্লকের অন্তর্গত আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এক এস এল ও( SLO) -র বিরুদ্ধে। যা নিয়ে এবারে সরাসরি পঞ্চায়েত অফিসে গিয়েই ওই এসএলওর বিরুদ্ধে অভিযোগ নির্মাণকর্মী উপভোক্তাদের। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পঞ্চায়েত অফিসে। মূলত এই টাকা নেওয়ার বিষয়টি সামনে আসে সোশ্যাল অডিটের সময়। উপভোক্তাদের দাবি, ডেথ ক্লেম থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের নামে সাধারণ উপভোক্তাকে ভুল বুঝিয়ে প্রচুর টাকা তুলেছে এসএলও অজিত মন্ডল বলে অভিযোগ । মূলত ডেথ ক্লেমের পঞ্চাশ হাজার টাকা পেলে তার থেকে পনেরো হাজার টাকা বা অথবা কুড়ি হাজার টাকা নিয়ে নিতো অজিত বলে অভিযোগ। পাশাপাশি সাসপাও প্রকল্পের ২৫ টাকার বদলে মাসে ৮০ টাকা নিত অজিত। এমনকি ভাতা করে দেওয়ার নাম করেও অনেকের কাছ থেকে ১০ হাজার আবার কারোর কাছ থেকে ১১ হাজার টাকা নিয়েছে অজিত বলে অভিযোগ করেছেন নির্মাণ কর্মী উপভোক্তারা। এই টাকা না দিলে উপভোক্তারা কোন টাকাই পাবেন না বলেও হুমকি দিতেন বলে দাবি করেছেন উপভোক্তাদের একাংশ। উপভোক্তাদের ধারণা, এই কাটমানি কাণ্ডে আরও অনেক আধিকারিক জড়িত রয়েছে। এ বিষয়ে আকন্দবাড়িয়ার গ্রাম পঞ্চায়েত প্রধান অপূর্ব মন্ডল জানিয়েছেন, বিষয়টি আমাদের অগোচরে ছিল। সোশ্যাল অডিটের মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। আজ উপভোক্তারা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে পঞ্চায়েত অফিসে এসেছিল। বিষয়টি যেহেতু পঞ্চায়েতের অধীন নয়, সেহেতু আমরা তাদের নির্দিষ্ট দপ্তরে অভিযোগ জানাতে বলেছি। পাশাপাশি আমরাও এ বিষয়ে নির্দিষ্ট জায়গায় জানাবো।

