কিশোরীদের অধিকার ও আত্মপ্রতিষ্ঠা নিয়ে বিশেষ আলোচনায় নদীপাড় স্কুলে সক্রিয় অংশগ্রহণ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- নদীপাড় বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, শিশু পাচার এবং অকাল গর্ভধারণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে কেন্দ্র করে একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। মূলত কিশোরী ছাত্রীদের মধ্যে তাদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং আত্মপ্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শিশু কল্যাণ সমিতির মাননীয়া চেয়ারপার্সন শ্রীমতী মন্দিরা রায়, নদীপাড় এন.সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শ্রী অয়ন ভৌমিক, নদীপাড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতী কুহেলী মণ্ডল ঘোষ, শিশু কল্যাণ সমিতির সদস্য শ্রী সুরজ দাশ, এবং আইন অনুশীলনকারী শ্রী পদ্মনাভ দে।
এছাড়াও নদীপাড় এন.সি. বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বহু ছাত্রী এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। কর্মসূচিতে বাস্তব উদাহরণ, আইনি ব্যাখ্যা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয়— কীভাবে বাল্যবিবাহ ও শিশু পাচার সমাজ ও ব্যক্তিজীবনে গভীর ক্ষতি ডেকে আনে এবং কীভাবে সময়মতো শিক্ষা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ কিশোরী জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এই কর্মসূচি ছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
স্থানঃ নদীপাড় বালিকা উচ্চ বিদ্যালয়, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
তারিখঃ ২৫.০৭.২০২৫

