“আমি ভারতীয়!”— কান্নায় ভেঙে পড়া আমির এখন বাংলাদেশে, পরিবার দাবি জানাল ঘরে ফেরানোর।
মালদা, নিজস্ব সংবাদদাতাঃ – —মাত্র ২১ বছরের এক তরুণ, মালদা জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামের বাসিন্দা আমির শেখ, আজ দেশছাড়া হয়ে বাংলাদেশে আটকে।
প্রায় তিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে পাড়ি দেন আমির। তার সঙ্গে ছিল ভোটার কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণসহ ভারতের সমস্ত বৈধ পরিচয়পত্র। তা সত্ত্বেও, কোনও রকম পূর্ব সতর্কতা ছাড়াই রাজস্থান পুলিশ তাকে “বাংলাদেশি নাগরিক” সন্দেহে গ্রেফতার করে।
দীর্ঘ দুই মাস জেল হেফাজতে থাকার পর, চার দিন আগে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
বর্তমানে আমির বাংলাদেশে আটকে। কান্নাজড়ানো কণ্ঠে ফোনে জানাচ্ছেন, “আমি ভারতীয়, আমাকে আমার ঘরে ফিরিয়ে নিন!”
এই ঘটনার পর গোটা জালালপুর শোকে স্তব্ধ। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। মা কাঁদছেন, বাবা নির্বাক।
পরিবারের প্রশ্ন—
“যদি ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কেউ নিজের নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন, তবে সাধারণ মানুষ যাবে কোথায়?”
ঘটনার পর আমির শেখের পরিবার রাজ্য ও কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন—
“আমাদের ছেলেকে নিজের দেশে ফিরিয়ে আনুন।”
আমিরের পরিবার চায়, যেন দ্রুত প্রশাসনিক ও কূটনৈতিক উদ্যোগ নিয়ে এই অবিচারের অবসান ঘটানো হয় এবং আমির তার নিজের বাড়ি, নিজের দেশ, নিজের গ্রামে—মালদার জালালপুরে ফিরতে পারেন।

