তিওড়ে শিশু সুরক্ষা ও নারী পাচার রুখতে সচেতনতা শিবির, উজ্জীবন সোসাইটির উল্লেখযোগ্য উদ্যোগ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- উজ্জীবন সোসাইটি-র উদ্যোগে এবং তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত হলো একটি তাৎপর্যপূর্ণ সচেতনতামূলক শিবির। শিশু সুরক্ষা এবং নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলাই ছিল এই অনুষ্ঠানের মুখ্য লক্ষ্য। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরের এক উল্লেখযোগ্য দিক ছিল বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি। পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিশুদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে এই কর্মসূচি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিওড় সর্বেশ্বর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাননীয়া সুলেখা চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাননীয়া মন্দিরা রায় শিক্ষারত্ন তথা চেয়ারপার্সন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, দক্ষিণ দিনাজপুর। ইন্সপেক্টর ভাবনা শর্মা, ইনচার্জ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, ৭৯ হিলি বিএসএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুশান্ত দাস মহাশয়, প্রাক্তন শিক্ষক শ্যামল চক্রবর্তী, সমাজসচেতন নাগরিক ও স্থানীয় বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অতিথিরা শিশু সুরক্ষা বিষয়ে তাদের সুচিন্তিত মতামত ও মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। চেয়ারপার্সন মন্দিরা রায়, বিশিষ্ট সমাজকর্মী সুরজ দাস ও সুশান্ত দাস তাঁদের বক্তব্যে শিশুদের অধিকার, সুরক্ষা ও সচেতনতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। নারী ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ক একটি তথ্যভিত্তিক ও প্রভাবশালী বক্তব্য রাখেন ইন্সপেক্টর ভাবনা শর্মা, যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন — উজ্জীবন সোসাইটির সভাপতি অমল চন্দ্র মন্ডল, সহ-সম্পাদক পরিমল মাহাতো, সমাজকর্মী দেবাশীষ সরকার, শোভন ঘোষ প্রমুখ। সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ ও পরিবেশপ্রেম—এই তিন মূল স্তম্ভকে সামনে রেখে আয়োজিত আজকের এই অনুষ্ঠান নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও সার্থক প্রয়াস। শিশু ও সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়ার এই প্রয়াস সকলের মধ্যে এক ইতিবাচক প্রভাব সৃষ্টি করল।

