“রোগী মরুক, নেতা থাকুক মঞ্চে” — ডাক্তার না থাকায় ক্ষোভে ফুঁসছে জনতা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্র ফের একবার সামনে এল। হরিরামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবা কার্যত থমকে গেল একুশে জুলাই শহীদ দিবসের দিন। সূত্রের খবর, এদিন হাসপাতালের দুই চিকিৎসক সরকারি পরিষেবা ফেলে কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে রওনা দেন। এর জেরে রোগী পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়ে হাসপাতালটিতে।
ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি পোস্টে কটাক্ষ করে লেখেন,
“দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্যব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে, তা আজ ফের প্রমাণিত। রোগী মরুক, নেতা থাকুক মঞ্চে—এটাই কি রাজ্যের নতুন নীতি?”
জেলার সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,
“জেলার মানুষ যদি স্বাস্থ্য পরিষেবা না পান, তবে এই চিকিৎসকেরা কার জন্য? সরকারি চাকরি পেয়ে দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকলে সাধারণ মানুষ কোথায় যাবে?”
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও এই ঘটনায় কোনও মন্তব্য আসেনি। তবে জেলা স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।

