বাংলাভাষীদের বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগে সরব সিপিআইএম নেতৃত্ব।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- বিজেপি শাসিত রাজ্যগুলি—বিশেষ করে আসাম ও ওড়িশায় বাঙালি ও বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার এবং তাদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করার অভিযোগে আজ উত্তাল হলো কাঁচরাপাড়া। এই ইস্যুকে কেন্দ্র করে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হয়।
প্রতিবাদ মিছিলটি কাঁচরাপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় পরিক্রমা করে। মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের বাঙালিদের প্রতি বৈষম্যমূলক নীতির তীব্র প্রতিবাদ জানানো হয়।
সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ রক্ষিত এদিন বলেন,
“বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিকল্পিতভাবে বাংলাভাষী মানুষদের উপর আক্রমণ চালানো হচ্ছে। তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। এটি ভারতের বহুত্ববাদী সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত।”
তিনি আরও জানান, শুধু প্রতিবাদে থেমে না থেকে এই ধরনের আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলাই এখন বামপন্থীদের অন্যতম লক্ষ্য।
এই মিছিলে অংশগ্রহণ করেন কাঁচরাপাড়া এরিয়ার বহু সিপিআইএম নেতা-কর্মী ও সাধারণ মানুষ। এলাকায় উত্তপ্ত পরিবেশের মধ্যেও শান্তিপূর্ণভাবে মিছিল সম্পন্ন হয়।

