সমাবেশমুখী কর্মীদের জন্য খাবার–ওষুধ–জল, মানবিক মুখ তৃণমূলের।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ধর্মতলার ২১ এ জুলাই সমাবেশ সামনে রেখে শুরু হয়ে গেছে প্রস্তুতির তুফান। লক্ষ লক্ষ মানুষ ছুটছেন কলকাতার দিকে, উদ্দেশ্য শোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ছুঁয়ে দেখা আন্দোলনের ইতিহাস। আর সেই পথযাত্রাকে আরও মসৃণ করতে এদিন বালুরঘাট রেলস্টেশনে সহায়তা শিবির গড়ে তুলল শহর তৃণমূল কংগ্রেস।
শুধু রাজনৈতিক জমায়েত নয়, সহানুভূতির স্পর্শে ধরা পড়ল জোড়া ফুলের মানবিক রূপ। ভ্রমণরত কর্মী-সমর্থকদের হাতে তুলে দেওয়া হল খাবার, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ—সবই নিখরচায়। শিবিরটি নেতৃত্বে ছিলেন শহর তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডল। পাশে ছিলেন পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ, জেলা মহিলা তৃণমূল সভানেত্রী স্নেহলতা হেমরম, ওয়ার্ড কাউন্সিলর নিতা নন্দী, বিপ্লব খাঁ, অনুশ্রী মহন্ত, আনোজ সরকার, প্রাক্তন পৌরপ্রধান রাজেন শীল সহ বিশিষ্ট নেতৃত্ব। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যে এক রণক্ষেত্র হতে চলেছে, তা যেন আগাম জানিয়ে দিল এই উদ্যোগ। তৃণমূল কর্মীদের মুখে মুখে একটাই কথা এই যুদ্ধে বিজেপির বিসর্জন অবশ্যম্ভাবী। রাজনৈতিক সৌজন্যের আবরণে, লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। ধর্মতলার মঞ্চে ২১ এ জুলাই সেই লড়াইয়ের ঘোষণাপত্র এমনই বিশ্বাস জোড়া ফুল শিবিরের।

