অমৃত ভারত প্রকল্প ও হিলি রেলপথ নিয়ে বালুরঘাটে গুরুত্বপূর্ণ পরিদর্শন।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বালুরঘাট রেল স্টেশন পরিদর্শনে এলেন এন এফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সুরেন্দ্র কুমার। শুক্রবার তিনি বালুরঘাট স্টেশন ঘুরে দেখেন। বালুরঘাট স্টেশনে যে সিক লাইন এবং পিক লাইনের কাজ চলছে, সে বিষয়ে তিনি ঘুরে কাজের অগ্রগতি দেখেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের নেওয়া প্রকল্প অমৃত ভারত স্টেশনের কাজ বালুরঘাট স্টেশনে কতটা অগ্রগতি হলো সেই বিষয়েও তিনি খোঁজ খবর নেন। তিনি উপস্থিত রেলওয়ে আধিকারিকদের এ বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তাছাড়া বালুরঘাট হিলি রেল প্রকল্পের কাজ কতটা এগুলো সেই বিষয়েও তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে রেলকে ওই প্রকল্প এর জন্য জমি দেওয়া হয়েছে। এবার সেই জমিতে কাজের জন্য রেল পদক্ষেপ করবে। খুব শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়ে যাবে বলে তিনি জানান।

