লোহরপুরে ফের গঙ্গা ভাঙন, গঙ্গার গর্ভে বসতবাড়ি, আতঙ্কে এলাকাবাসী।
সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-সামশেরগঞ্জের লোহরপুর গঙ্গা ঘাটে আবারও নতুন করে শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। গত কিছুদিন ধরে গঙ্গায় জলস্তর হঠাৎ বেড়ে যাওয়া এবং নিম্নচাপের প্রভাবে এই ভাঙনের মাত্রা আরও বেড়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই একটি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের আতঙ্কে লোহরপুর এলাকার বাসিন্দারা গঙ্গার ধার ঘেঁষে জড়ো হয়ে আছেন। যেসব এলাকায় বালির বস্তা দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, সেইসব বস্তাগুলি ছিঁড়ে গিয়ে ধসে পড়েছে। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,
“প্রতিবার ভাঙন হলে কেবল অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। স্থায়ী সমাধানে প্রশাসন উদ্যোগ নিচ্ছে না। এভাবে আর কতবার গঙ্গায় আমাদের ঘরবাড়ি যাবে?”
অন্য একজন ক্ষতিগ্রস্ত বলেন,
“প্রশাসনের দৃষ্টি পড়ে তখনই, যখন সবকিছু গঙ্গার জলে তলিয়ে যায়। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও কয়েকটি পরিবার বাস্তুহারা হয়ে পড়বে।”
এদিকে ভাঙন রুখতে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকাবাসী দ্রুত কংক্রিটের বাঁধ নির্মাণ ও ২৪ ঘণ্টার নজরদারি টিম মোতায়েনের দাবি তুলেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে সামশেরগঞ্জের আরও বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

