ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর তৎপরতায় ফের ভেস্তে গেল এক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ-এর তৎপরতায় ফের ভেস্তে গেল এক অবৈধ অনুপ্রবেশের চেষ্টা। মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার চক্রগোপাল সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এক বাংলাদেশি মহিলাকে আটক করেন। ধৃতের নাম জয়নব (৫০)।
জিজ্ঞাসাবাদে জয়নব স্বীকার করেন, ১৯৯০ সালে তিনি তাঁর স্বামী শেখ ইমরানের সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে তাঁরা ছত্তিশগড়ের রায়পুরে বসবাস করছিলেন।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আরও তদন্ত চালিয়ে জয়নবের স্বামী ইমরানকেও আটক করা হয়। প্রথমে তিনি হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, কিন্তু পরে নিজে থেকেই বিএসএফ-এর কাছে আত্মসমর্পণ করেন।
প্রাথমিক তদন্তে অনুমান, রায়পুর পুলিশের অবৈধ অভিবাসীদের শনাক্ত করার প্রক্রিয়া জোরদার হওয়ায় দম্পতি বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ভারতীয় নথিপত্র— যেমন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, গাড়ির কাগজপত্র ও মোবাইল ফোন ইত্যাদি।
উদ্ধার হওয়া নথিপত্র সহ দম্পতিকে হিলি থানার হাতে তুলে দেয় বিএসএফ। বুধবার দু’জনকেই বালুরঘাটের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে পেশ করা হলে, সরকারি কৌঁসুলি শিবাজি সিংহ রায় জানান— পুরুষ অভিযুক্তকে পাঁচদিনের পুলিশ হেফাজতে এবং মহিলাকে পাঁচদিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

