ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির বাগরাকোট এলাকা।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- শিলিগুড়ি হকাস কর্নার থেকে এক যুবককে জোর করে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরের ২০ নম্বর ওয়ার্ড এলাকায়। একইসঙ্গে, ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ির বাগরাকোট এলাকা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ২০ নম্বর ওয়ার্ডের জ্যোতি নগর কলোনিতে একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন ডাঙ্গিপাড়ার কিছু যুবকের সঙ্গে স্থানীয় ছেলেদের বচসা বাধে। সেই বিবাদ পরে কাউন্সিলরের হস্তক্ষেপে মিটে গেলেও, রবিবার তারই জেরে হকাস কর্নারের এক দোকানে কর্মরত এক যুবকের উপর হামলা চালায় ১৫-২০ জনের একটি দল। তাঁকে তুলে নিয়ে গিয়ে ডাঙ্গিপাড়ায় বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দারা শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানান। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে, ওই ঘটনার সূত্র ধরে সোমবার বাগরাকোট এলাকায় ফের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। চলে ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি, ভাঙচুর হয় একাধিক বাড়ি-ঘর ও দোকান। উত্তেজনার মধ্যে ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররাও ঘটনাস্থলে উপস্থিত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলিগুড়ি পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠিচার্জ ও পরে কাঁদানে গ্যাসের সেল ছোঁড়া হয়। ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি. সুধাকর। তাঁর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *