উপভোক্তা সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা ও পণ্য প্রদর্শনী।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:- উপভোক্তা সুরক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হলো একদিনের কর্মশালা ও পণ্য প্রদর্শনী। ৩ ও ৪ জুলাই এই কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজ্যের উপভোক্তা বিষয়ক দফতর এবং বি.আই.এস যৌথ উদ্যোগে।
এই কর্মসূচিতে ডিজিটাল প্রতারণা প্রতিরোধ, ই-কমার্স, বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং গ্রাহক অভিযোগ নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের উপভোক্তা বিষয়ক মন্ত্রী বিপ্লব মিত্র সহ প্রশাসনের উচ্চ অধিকারিক, জেলা পরিচ্ছদ সভাধিপ তি জেলার তিনটি পৌরসভার চেয়ারম্যান এবং অন্যান্যরা।
মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, “ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে প্রতারণার ঘটনাও বেড়েছে। সাধারণ মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য।”
জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, “উপভোক্তা সুরক্ষা আইনের ফলে গ্রাহক স্বার্থরক্ষা আরও সুসংহত হয়েছে। জেলার স্কুল-কলেজে ইতিমধ্যেই ৯০টির বেশি ভোক্তা ক্লাব গঠিত হয়েছে।”
কর্মশালায় BIS Care App সহ বিভিন্ন সহায়ক টুলও প্রদর্শিত হয়। গত অর্থবছরে ৮৮টি প্রি-লিটিগেশন মামলা নিষ্পত্তি হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় চালু হয়েছে উপভোক্তা সহায়তা ব্যুরো।
এই কর্মসূচি থেকে সাধারণ মানুষের মধ্যে উপভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তা জোরালোভাবে দেওয়া হয়।

