দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় আসেন আইআইটি মাদ্রাজ এর বিদ্যা শক্তি গ্লোবাল কনভেনার ডক্টর শিবা সুব্রামনিয়ম।
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুরে হতে চলেছে আইআইটি মাদ্রাজ এর প্রশিক্ষণ কেন্দ্র। এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় আসেন আইআইটি মাদ্রাজ এর বিদ্যা শক্তি গ্লোবাল কনভেনার ডক্টর শিবা সুব্রামনিয়ম। উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত সচিব অজয় সরকার।
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিদ্যাশক্তি প্রকল্পের আওতায় ছাত্রদের অডিও ভিস্যুয়াল এর মাধ্যমে শিক্ষাদানে উৎসাহিত করতে দেশের বিভিন্ন রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় সুকান্ত মজুমদারের উদ্যোগে চালু হতে চলেছে। জেলার বালুরঘাট, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে আইআইটি মাদ্রাজের এই প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। এদিন আইআইটি মাদ্রাজের পক্ষ থেকে বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় এর পরিকাঠামো খতিয়ে দেখতে আসে। আপাতত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস শুরু হবে।
বিদ্যা শক্তি গ্লোবাল কনভেনার শিবা সুব্রমনিয়ম জানান, এবছরের জুলাই মাস থেকেই প্রশিক্ষণ শুরু হবে।
বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থপ্রতিম দত্ত জানান, আইআইটি মাদ্রাজের বিদ্যাশক্তি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ ক্লাস এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান উন্নত হবে। যা ছাত্রদের ভবিষ্যৎ গড়তে কাজে লাগবে।

