সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে রবীন্দ্রভবন, শহরবাসী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে গঙ্গারামপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র ভবন। সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে রবীন্দ্রভবন।এই পরিস্থিতিতে শহরবাসী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এমতো অবস্থায় ভবনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন শহরবাসী।
উল্লেখ্য,ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ বাণরাজার শহর গঙ্গারামপুরে,বাম আমলে নির্মিত হয়েছিল এই রবীন্দ্র ভবন। উদ্দেশ্য ছিল শহরের সাংস্কৃতিক পরিসরকে আরও বিস্তৃত করা। কিন্তু বর্তমানে ভবনের চিত্র অত্যন্ত করুণ। মঞ্চের কাঠ উঠে গেছে,অধিকাংশ চেয়ার ভাঙা, বেশিরভাগ AC বিকল,পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। ফলে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক সভা কোনো কিছুই নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না এই রবীন্দ্র ভবনে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন পৌরসভাকে বিষয়টি জানালেও প্রশাসনের তরফ থেকে রবীন্দ্র ভবন সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শহরের একাধিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ একত্র হয়ে ভবনের সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছেন।
যদিও রবীন্দ্র ভবন সংস্কার নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস।

