দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কর্তব্যরত ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়।
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ ২৭ মে :- তীব্র গরম ও ঘূর্ণিঝড় ধেয়ে আসার আগেই বৃষ্টি থেকে রক্ষা পেতে কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে সামার কিটস তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। মঙ্গলবার বালুরঘাট পুলিশ লাইনের কনফারেন্স রুমে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত কর্তব্যরত ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিক।
মূলত, গ্রীষ্মকালে রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় কর্মরত থাকেন জেলার ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার। প্রখর রৌদ্র ও বৃষ্টির হাত থেকে রক্ষা দিতেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের তরফে সামার কিটস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এদিন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্লুকোজ, ওআরএস, ছাতা, সানগ্লাস জলের বোতল ও টাওয়াল তুলে দেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ উপস্থিত আধিকারিকেরা। এদিন মোট পাঁচশো দশ জনের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়।
দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, গরম ও ঝড়,বৃষ্টি থেকে অনেকটা রেহাই পেতে ট্রাফিক দের হাতে সামার কিট তুলে দেয়া হলো। এতে কর্মরত অবস্থায় তাদের অনেক সুবিধা হবে।

