বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মির্জাতপুর এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য।

বুনিয়াদপুর, নিজস্ব সংবাদদাতা : বুনিয়াদপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মির্জাতপুর এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য। চুরি হয়েছে কলকাতা পুলিশে কর্মরত নিত্যানন্দ মণ্ডলের বাড়িতে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে তিনি মির্জাতপুরে নিজের বাড়ি তৈরি করেন। বর্তমানে বাড়িটিতে থাকেন তাঁর স্ত্রী সোমা রায় মণ্ডল ও একমাত্র কন্যা সন্তান।

গতকাল দুপুরে সোমা রায় মণ্ডল বাপের বাড়ি বামনগোলা যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা সদর দরজার তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে নগদ টাকা, সোনাদানা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।
বুধবার সকালে চুরির বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের।এদিন সকালে প্রতিবেশীরা দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরা সঙ্গে সঙ্গে নিত্যানন্দ মণ্ডলের স্ত্রীকে খবর দেন। পরে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বাড়িতে এসে চুরির বিষয়টি নজরে আসে তাদের। এই ঘটনায় বংশীহারী থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।

এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত চলছে। তবে বারবার এমন চুরির ঘটনার জেরে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *