সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

হিলি, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ১৭ মে মোদি সরকার বাংলাদেশের তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যসহ কয়েকটি পণ্যের আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের আগের নেওয়া বাণিজ্য সম্পর্কিত সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই নিষেধাজ্ঞার ফলে হিলি স্থলবন্দর, যা দক্ষিণ দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র, তার স্বাভাবিক রপ্তানি ও আমদানি বাণিজ্যে ব্যাপক ব্যাঘাত ঘটেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, বহু ট্রাক পণ্য নিয়ে সীমান্তে আটকে পড়েছে, যার মধ্যে পচনশীল পণ্যও রয়েছে। এতে পণ্যের ক্ষতির আশঙ্কা বেড়েছে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।

হিলির রপ্তানি ব্যবসায়ীদের মতে, এই সিদ্ধান্ত তাদের ব্যবসায় বড় ধাক্কা দিয়েছে। দীর্ঘদিন ধরেই হিলিতে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর স্থাপনের দাবি জানানো হলেও, তা এখনও বাস্তবায়ন হয়নি।

এই পরিস্থিতিতে, হিলির ব্যবসায়ী ও রপ্তানিকারকরা কেন্দ্রীয় সরকারের কাছে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন, যাতে স্বাভাবিক বাণিজ্য আবার আগের মত চালু করা যায়।

প্রসঙ্গত, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ, কাঁচালঙ্কা, ডাল ও মসলা রপ্তানি হয় এবং বাংলাদেশ থেকে ভারতে চালের খুদ, তেল ও গুড় আমদানি হয়। এই বাণিজ্য দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী মহলের আশা, দুই দেশের কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান হবে।

রাজেশ কুমার আগরওয়াল,
হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *