বালুরঘাট মিউজিয়ামে আন্তর্জাতিক মিউজিয়াম দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পালিত হলো আন্তর্জাতিক মিউজিয়াম দিবস।
বালুরঘাট মিউজিয়ামে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডঃ সুমিত ঘোষ, সুমিত সাহা, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভায়ন হক, ডিএমডিসি অমরত্ব দেবনাথ সহ জেলার বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে বক্তারা জাদুঘরের গুরুত্ব, ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তা ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার দিকটি তুলে ধরেন। তাঁরা জানান, সমাজের শিকড় জানার অন্যতম প্রধান উপায় হল জাদুঘর, যা বর্তমান প্রজন্মকে অতীতের সঙ্গে সংযোগ ঘটাতে সহায়তা করে।
এই বিশেষ দিনে জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তাঁদের মতে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসকে জীবন্ত করে তুলতে জাদুঘরের ভূমিকা অনস্বীকার্য, এবং এই ধরনের উদ্যোগ সেই চেতনাকেই আরও দৃঢ় করে তোলে।

