গাজোল হাসপাতালে শিশু চুরি অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ —–গাজোল হাসপাতালে শিশু চুরি অভিযোগ।এক প্রসূতির সদ্যোজাত শিশু চুরির অভিযোগকে কেন্দ্র করে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জ করতে হল পুলিশকে। জানা গেছে, হাসি সাহা নামে এক মহিলাকে গত বুধবার তার পরিবারের লোকজনেরা প্রসব যন্ত্রণার কারণে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করেন। এরপর গত বৃহস্পতিবার ওই মহিলা হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন। শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়ার কথা ছিল। তাই তিনি এক মহিলাকে তার বাচ্চা দেখতে বলে বাইরে কাগজপত্র জেরক্স করতে যান। কিন্তু জেরক্স করে ফিরে এসে দেখেন তার বাচ্চা নেই। সেই সঙ্গে ওই মহিলাও উধাও। এই ঘটনা জানাজানি হতেই হাসপাতালে জোর চাঞ্চল্য তৈরি হয়। শুরু হয় খোঁজাখুঁজি। অবশেষে হাসপাতাল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বেলডাঙ্গি এলাকায় বাচ্চা সহ ওই মহিলা ধরা পড়ে। আর এর ঠিক পরপরই প্রসূতির পরিবারবর্গ সহ উত্তেজিত জনতা হাসপাতালে নিরাপত্তা হীনতার অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। এমনকি বিক্ষোভকারীরা বাচ্চা চুরির সঙ্গে যুক্ত মহিলাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবী জানাতে থাকেন। যাকে কেন্দ্র করে গাজোল স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে ব্যাপকক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ বুঝিয়ে-সুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষমেশ মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *