দক্ষিণ দিনাজপুর জেলার শতাধিক চাকরি হারানো শিক্ষক ও অশিক্ষক কর্মী বুধবার ডিআই সেকেন্ডারি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ-সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার শতাধিক চাকরি হারানো শিক্ষক ও অশিক্ষক কর্মী বুধবার ডিআই সেকেন্ডারি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। মিছিল করে অফিস চত্বরে পৌঁছে তারা দাবি তোলেন—তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। বিক্ষোভে প্রায় হাজারখানেক কর্মী অংশগ্রহণ করেন। গোটা অফিস চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ।
বিক্ষোভকারীদের একাংশের দাবি, “এই পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের তৈরি দুর্নীতিগ্রস্ত দালালচক্র।” তাদের আরও অভিযোগ, “হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পর আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেছি, কিন্তু শিক্ষকের কাজ আদালতের দরজায় ঘুরে বেড়ানো নয়।”
এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “চাকরি হারানো কর্মীরা যথার্থই ক্ষুব্ধ। তাদের চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার। এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনের প্রয়োজন।”
ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে।

