দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- “ধর্ম যার যার, উৎসব সবার”— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তায় যখন গোটা রাজ্য সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বানে একজোট, তখনই কিছু রাজনৈতিক শক্তি শ্রী রামচন্দ্রের নামকে ব্যবহার করে বিভাজনের রাজনীতি করতে তৎপর হয়েছে। এর বিরূপ প্রভাব পড়ছে শিশুদের মনেও। এই প্রেক্ষাপটে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডে এক ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ওয়ার্ড কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী।
ওয়ার্ডের প্রতিটি শিশুর হাতে তুলে দেওয়া হল একটি বিশেষ শিশুতোষ বই— ছবিতে রামচন্দ্র, যাতে তাঁরা রামের প্রকৃত চরিত্র সম্পর্কে জানতে পারে। প্রদীপ্তাদেবীর বক্তব্য, “রামচন্দ্র কোনওদিন বিভেদের কথা বলেননি। তিনি ছিলেন প্রজাবৎসল, সহিষ্ণু, মানবিক এবং সত্য ও ধর্মের পথের পথিক। শিশুদের সেই রামকেই চেনানো দরকার।”
এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। অনেকেই বলছেন, রাজনীতির জটিলতা থেকে শিশুদের দূরে রাখা জরুরি। প্রদীপ্তার এই উদ্যোগ সেই লক্ষ্যে এক বড় পদক্ষেপ।
স্থানীয় মানুষের মতে, রাজনীতির মঞ্চে যখন ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে, তখন এই ধরনের কর্মসূচি সমাজে ঐক্যের বার্তা দেয়। রামের নামে নয়, রামের আদর্শে মানুষ হোক এক— এটাই বার্তা ২২ নম্বর ওয়ার্ডের।

